
তারাকান্দা: ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সংঘর্ষের সম্ভাবনা রোধে, আজ রোববার তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম আজ দুপুরে এই নির্দেশনা জারি করেন। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকায় সব ধরনের সভা, মিছিল, গণজমায়েত এবং মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত মঙ্গলবার পহেলা বৈশাখের উৎসবে স্থানীয় সংসদ সদস্য (১১-দলীয় জোটের) মুহাম্মদুল্লাহকে হেনস্তা এবং ১১ দলের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার সময় বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের সমর্থকদের হাত থেকে একজনকে বাঁচাতে গিয়ে যুবদলকর্মী কামরুজ্জামান রিয়াদ আহত হন।
রিয়াদ ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। রিয়াদের ওপর হামলার প্রতিবাদে আজ বেলা তিনটায় জোবায়েদ হোসেনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার ডাক দেওয়া হয়। অপরদিকে, মোতাহার হোসেন তালুকদারের পক্ষ থেকে পাল্টা মিছিলের ঘোষণা দেয়ায় এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।
নিষেধাজ্ঞা জারির পর থেকে তারাকান্দা বাজার এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জনসাধারণকে সতর্ক করার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে।
ইউএনও মো. আমিনুল ইসলাম বলেছেন, "দুই পক্ষ একই সময়ে ও একই স্থানে কর্মসূচি ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আমরা ১৪৪ ধারা জারি করেছি।"
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম–আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার মন্তব্য করেন, "বিগত নির্বাচনে যারা বিএনপির বিরুদ্ধে কাজ করেছে, তারা আজ শক্তি প্রদর্শনের চেষ্টা করবে শুনে আমাদের নেতা-কর্মীরা প্রতিহত করার ঘোষণা দিয়েছিল। তবে প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সবাইকে কর্মসূচি বন্ধ রাখতে বলেছি।"
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশের সব প্রান্তের খবরের সঠিক আপডেট পেতে কথা২৪-এর সঙ্গেই থাকুন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।